
নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট অভাবনীয় বাস্তবতায় বদলে যাচ্ছে অনেক কিছুই। বদলে যাচ্ছে সামাজিকতা, আচার-অনুষ্ঠান। ব্যবসা-বাণিজ্য ও পেশাদারির মধ্যেও অনুরূপ পরিবর্তন দৃশ্যমান হয়ে উঠেছে।
এখন আমেরিকাজুড়ে লকডাউন চলছে। এর মধ্যেও এক নিবিষ্ট পেশাজীবী কাজ করে যাচ্ছেন একাগ্রতার সঙ্গে। নিজেকে নিরাপদ রেখে, নিজের ক্রেতাদের নিরাপদ রেখে কাজ করছেন ওয়াশিংটন মেট্রো এলাকার রিয়েল এস্টেট ব্যবসায়ী নাজীর উল্লাহ।
আমেরিকায় স্বপ্নের আবাসনের জন্য পরিশ্রম করেন অভিবাসীরা। স্বপ্নের আমেরিকায় ক্রেতার হাতে বাড়ির চাবি তুলে দেওয়ার মুহূর্তকে নিজের পেশাগত জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত বলে মনে করেন নাজীর উল্লাহ। কিন্তু লকডাউন আর সামাজিক বিচ্ছিন্নতার এ সময়ে চাবি হাতে দিয়ে উষ্ণ করমর্দনে ‘গুড লাক’ কথাটি আর বলতে পারছেন না তিনি। কাঠের ছয় ফুট লম্বা কাঠি দিয়ে বাড়ির ক্রেতাকে চাবিটি তুলে দিচ্ছেন।
এ বিষয়ে নাজীর উল্লাহ প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, এটাই হয়তো নতুন স্বাভাবিকতা। বললেন, করোনা-পরবর্তী বিশ্ব কেমন হবে, আমরা এখনো তা জানি না। তবে একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা দ্রুত যাচ্ছি। এ পরিবর্তনকে ধারণ করেই হয়তো আমাদের বেঁচে থাকার চেষ্টা করে যেতে হবে।