শিক্ষার্থীদের জন্য নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির উদ্যোগ

নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক।
বিশ্ববিদ্যালয়টি মনে করছে, করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে প্রত্যেক নাগরিক তাদের ব্যক্তিগত ও কর্মজীবনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। কমিউনিটির স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠিনতম ও অনিবার্য সিদ্ধান্ত নিতে হয়েছে। বিষয়টি মাথায় রেখে চ্যান্সেলর মাতোস রদ্রিগেজ ঘোষণা করেছেন, বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন অনুষ্ঠানগুলো মূলতবি করা হবে। পরিবর্তিত এই ব্যবস্থা ডিপ্লোমা কোর্সের ওপর কোনো প্রভাব ফেলবে না। একই সঙ্গে স্পিং সেমিস্টারের সব ডিগ্রি নির্ধারিত সময়ে শেষ হবে বলেও জানানো হয়।
সামার ২০২০–এর কোর্সগুলো সতর্কতার সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়ে চ্যান্সেলর ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ের সামার-২০২০ কোর্সের অফারগুলো কেবল অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ বলেছে, তাদের শিক্ষার্থীদের এ অস্বাভাবিক করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় সহায়তা করার জন্য কিছু পদক্ষেপ তারা নিয়েছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ৩০ হাজার নতুন ল্যাপটপ ও ট্যাবলেট কিনেছে। এ ডিভাইসগুলো দূর শিক্ষণের কাজে শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে। অনলাইন বা দূর শিক্ষণ ব্যবস্থায় পরিবর্তনের ফলে শিক্ষর্থীরা তাদের স্প্রিং সেশন ২০২০ সালে যে লেটার গ্রেড অর্জন করবে, তাদের গ্রেডকে ক্রেডিট/ নন ক্রেডিট গ্রেডিংয়ে রূপান্তর করতে পারবে। এ ছাড়া হোস্টেল ফি–এর ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অ্যাকটিভিটি ফি–এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি ১৫ সপ্তাহের ক্যালেন্ডারে কলেজগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্রিয়াকলাপের ২৫ শতাংশ হারে এবং ১২ সপ্তাহ বা ৬ সপ্তাহের ক্যালেন্ডারে ভর্তিচ্ছুৃ শিক্ষার্থীদের ৫০ শতাংশ হারে ফি ছাড় দেবে বলে জানিয়েছে।