হোয়াইট হাউসের পাশে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২১ বছর বয়সী নাসির বেস্টের নাম এসেছে। সংশ্লিষ্ট তিনটি সূত্র সিএনএনকে এ তথ্য জানান। আইন প্রয়োগকারী সংস্থার সূত্রটি জানান, বেস্ট এর আগেও সিক্রেট সার্ভিসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। আটকও হন দুবার।
২০২৫ সালের জুনে বেস্ট হোয়াইট হাউসে প্রবেশের একটি লেন আটকে দিয়েছিলেন। ওই সময় তিনি নিজেকে ‘ঈশ্বর’ বলে দাবি করেন। পরে সিক্রেট সার্ভিসের হাতে আটক হন। এরপর তাঁকে ওয়াশিংটনের একটি মনোরোগ চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।
পরের মাসেই বেস্ট সিক্রেট সার্ভিসের হাতে আবার আটক হন। ওই সময় তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি ড্রাইভওয়েতে প্রবেশের চেষ্টা করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। বিচারক তাঁকে হোয়াইট হাউসের সীমানা থেকে দূরে থাকার নির্দেশ দেন।
সূত্র জানায়, গত বছর যখন বেস্টের বিরুদ্ধে তদন্ত চলছিল, তখন তদন্তকারী কর্মকর্তারা জানতে পারেন, এই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় বিভ্রান্তিকর নানা মন্তব্য করেন। এর মধ্যে নিজেকে ‘আসল’ ওসামা বিন লাদেন বলে দাবি করার ঘটনা রয়েছে। এ ছাড়া তিনি ট্রাম্পের ক্ষতি করার ইচ্ছার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত একটি পোস্ট দিয়েছিলেন।
এবারের ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরপর। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সরকারি আবাসস্থল ও কার্যালয় হোয়াইট হাউসসংলগ্ন সেভেনটিন্থ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় সন্দেহভাজন একজন ব্যক্তি (বেস্ট) ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন।
এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ ঘটনায় ওই সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি মারা যান। এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। সিএনএন বলছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর।
গোলাগুলির ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিরাপদে আছেন। তাঁর সুরক্ষা কিংবা কার্যক্রমে কোনো ব্যত্যয় ঘটেনি।
এর আগে ৪ মে হোয়াইট হাউসের কাছে সশস্ত্র একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত ও পরে আটক হন।
এরও আগে গত ২৬ এপ্রিল ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। ওই আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন।
ওই ঘটনায় ট্রাম্প দম্পতিকে দ্রুত হোটেলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন কোল টমাস অ্যালেন ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।