সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

শহীদুজ্জামান সরকারছবি: সংগৃহীত

বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পল্টন থানায় দায়ের করা বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারকে আদালতে হাজির করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আদালতকে বলা হয়, বিএনপির কর্মী মকবুল হত্যায় শহীদুজ্জামান সরকারের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গতকাল বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে শহীদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং মকবুল নামে দলের এক কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান।