গোয়ালন্দে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পৌঁছানোর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।


গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, কয়েক দিন ধরেই ওই যৌনকর্মী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে সমস্যা আরও বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে যৌনপল্লি থেকে ফোন পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল সেখানে যান। নমুনা সংগ্রহের পর দলটি ফিরে আসে। এরপর বিকেল তিনটার দিকে ২-৩ জন বয়স্ক নারী ওই যৌনকর্মীকে নিয়ে হাসপাতালে আসেন। এর কিছুক্ষণ পরই ওই নারী মারা যান।


আসিফ মাহমুদ আরও বলেন, ওই নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই তাঁর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাঁর সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফন সম্পন্ন করতে উপজেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।