চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম শহিদুল ইসলাম (১৯)। গতকাল শনিবার রাতে তাঁকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শহিদুলকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আবুল কালাম।

আরও পড়ুন

আবুল কালাম বলেন, ‘গ্রেপ্তারের পর শহিদুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ রোববার দুপুরে নগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হবে।’

গত বৃহস্পতিবার রাত আটটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের যুবক কলোনিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলীকে (৩৭) ছুরিকাঘাতে হত্যা করা হয়। রমজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগারবিষয়ক সম্পাদক ছিলেন।

রমজান হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে গত শুক্রবার কর্ণফুলী থানায় মামলা হয়। মামলার বাদী রমজানের ভাই মো. আলমগীর। মামলার প্রধান আসামি শহিদুল।

মামলার এজাহারে বলা হয়, ইউপি নির্বাচনে সদস্য পদে ভোট দেওয়া নিয়ে বিরোধের জেরে রমজানকে খুন করা হয়।