বাড়ির পাশের গাছে ঝুলছিল যুবকের লাশ
খাগড়াছড়িতে বাড়ির পাশের কাঁঠালগাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের বাঞ্চারামপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম মো. জাহিদ হাসান (২৬)। তিনি ওই এলাকার আলী আশরাফের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহিদের স্ত্রী প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আসেন। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। জাহিদের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য থেকে জাহিদ আত্মহত্যা করতে পারেন বলে এলাকাবাসীর ধারণা।
জানতে চাইলে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান বলেন, গতকাল রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। লাশ উদ্ধারের পর এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি।