ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ও আজ বৃহস্পতিবার সকালে এই দুই রোগীর মৃত্যু হয়। আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
চিকিৎসক মহিউদ্দিন খান জানান, মারা যাওয়া রোগীরা হলেন সাজেদা খাতুন (৪৫) ও আবদুস সাত্তার (৫০)। সাজেদা খাতুন গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হন। গতকাল রাত ১১টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান। ডেঙ্গুর পাশাপাশি তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।
আবদুস সাত্তার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংকরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গতকাল তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকাল ছয়টায় তিনি মারা যান। ডেঙ্গুর পাশাপাশি কিডনি অকার্যকর হয়ে যাওয়ায় তিনি মৃত্যুবরণ করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ এই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৩৩ জন পুরুষ, নারী ৫ জন ও ১ জন শিশু। এঁদের মধ্যে গতকাল সকাল ১০টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ২১ জন।