দুই দিন আগে লিফটে চিৎকারের শব্দ, আজ দুপুরে গর্তে মিলল ব্যবসায়ীর লাশ

চট্টগ্রামের পাঠানটুলির খানবাড়ির লিফটের গর্তে মিলেছে নিঁখোজ ব্যবসায়ীর লাশছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকার খানবাড়ি নামের একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মাশফিক মাহমুদ খান (৩৮) নামের ওই ব্যবসায়ী খানবাড়ির বাসিন্দা। দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৩ তলা ওই ভবনের লিফটের গর্তে পড়ে মারা গেছেন মাশফিক। তবে ঘটনাটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খানবাড়ি ভবনের একজন বাসিন্দা গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টায় মাশফিক ঘর থেকে বের হন। রাত দুইটার দিকে তাঁকে লিফটে উঠতে দেখা যায়। এরপর একটা চিৎকারও শোনা যায়, কিন্তু মাশফিককে পাওয়া যায়নি। এরপর আজ দুপুরে ভবনের লিফটের নিচে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভবনের লিফটের নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, লিফটের কারিগরি ত্রুটি ছিল কি না, অথবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।