কোচিং শেষে বাড়ি ফিরছিল স্কুলশিক্ষার্থী, পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু

নিহত মো. সাদিকুজ্জামান (১৩)ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কোচিং শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. সাদিকুজ্জামান (১৩)। সে উপজেলার বড়উঠান ইউনিয়নের মৌলভি বাড়ির মৃত জালাল উদ্দিনের ছেলে। আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কোচিং শেষ করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল সাদিকুজ্জামান। ওই সময় মিয়ারহাটের ফিলিং স্টেশন থেকে বের হওয়া একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সাদিকুজ্জামান। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদিকুজ্জামানকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটি উল্টো পথে চলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানতে চাইলে বড়উঠান ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাজ্জাদ খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাদিকুজ্জামানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কর্ণফুলী থানার উপপরিদর্শক এসআই জাকির হোসেন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত স্কুলছাত্রের ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ নিয়ে আলোচনা চলছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।