রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে কৃষককে মারধর, টাকা ও ফোন ছিনতাই
রাজশাহীতে ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে এক কৃষকের কাছ থেকে ২০ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিকাশ চন্দ্র সরকার (৩৫) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক এবং রাজোয়াড় সম্প্রদায়ের মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুরে বিকাশ প্রথম আলোকে বলেন, তিনি আদিবাসীদের এক অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহীতে আসেন। বেলা ১টার দিকে সাহেববাজার এলাকার ডাচ্–বাংলা ব্যাংকের বুথ থেকে ৫০০ টাকা তোলার পরপরই দুজন তাঁর পিছু নেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে আটক করে প্রথমে মাদক রাখার অভিযোগ আনেন এবং পরে নির্যাতন মামলার আসামি বলে দাবি করেন। তাঁদের একজনের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর গায়ে নীল শার্ট আর মুখে ফ্রেঞ্চকাট দাড়ি। অপরজনের বয়স আনুমানিক ৩৮ বছর। তাঁর চোখে কালো চশমা ও গায়ে টি-শার্ট ছিল।
বিকাশ পালাতে চেষ্টা করলে তাঁরা আবার তাঁকে ধরে নগরের একটি পাঁচতলা বাড়ির নির্জন ছাদে নিয়ে যান। সেখানে মারধর করে তাঁর পকেট থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়। তাঁদের একজন কার্ড নিয়ে বুথে গিয়ে দেখেন, তাঁর অ্যাকাউন্টে টাকা নেই। টাকা না পেয়ে তাঁরা ক্ষুব্ধ হয়ে তাঁকে আরও মারধর করেন। পরে তাঁকে তাঁর পরিবারের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টে ২০ হাজার টাকা নিতে বাধ্য করা হয়। টাকা তোলার পর বিকেল চারটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হলেও তাঁর মুঠোফোন তাঁরা নিয়ে যান।
ঘটনার পর বিকাশ আদিবাসী নেতাদের বিষয়টি জানান, তবে ওই দুজনকে আর খুঁজে পাওয়া যায়নি। থানায় লিখিত কোনো অভিযোগও করেননি তিনি।
এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তাঁদের পক্ষ থেকে একজন লোক এসে ঘটনার বর্ণনা দিয়েছেন। কিন্তু লিখিত অভিযোগ করতে বললে তাঁরা আর আসেননি।