বগুড়ার যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার, এক নারী নিখোঁজ
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে মাঝিসহ ১০ জন নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো এক নারী নিখোঁজ আছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়ারযান এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও প্রশাসনের সদস্যরা নিখোঁজ নারীর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে বানিয়ারযান এলাকা থেকে নয়জন নারী জীবিকার সন্ধানে বৈশাখী চরে যান। বেলা সাড়ে ১১টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে তাঁরা নৌকায় করে নদীপথে তীরের উদ্দেশে রওনা দেন। নৌকাটিতে নয়জন নারী যাত্রী ও মাঝি ছিলেন। মাঝনদীতে ঝড়ের কবলে পড়ে হঠাৎ নৌকাটি ডুবে গেলে সবাই নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মাঝনদীতে গিয়ে নৌকাটি হঠাৎ ভারসাম্য হারায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি উল্টে যায়। নদীর স্রোত ছিল তীব্র। যাঁরা সাঁতার জানতেন, তাঁরা প্রাণে বাঁচলেও একজন নদীতে তলিয়ে যান। স্থানীয় জেলেরা নিজেদের নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মাঝিসহ নিখোঁজ নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো আঙ্গুর বেগম নামের এক নারী নিখোঁজ আছেন। তাঁর খোঁজে নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।