আজও দুর্ভোগ নিয়ে ঢাকায় ফিরছেন মানুষ

গণপরিবহন না পাওয়ায় পিকআপ ভ্যান, রিকশা ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন বাহনে কর্মস্থলে ফিরছেন লোকজন। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

রপ্তানিমুখী শিল্পকারখানা খোলায় আজ সোমবারও ঢাকা, গাজীপুরসহ আশপাশে বিভিন্ন এলাকায় ফিরছেন কর্মস্থলগামী লোকজন। ঢাকা-আরিচা মহাসড়কে সকাল থেকে পিকআপ ভ্যান, অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা যায়। তবে গত দুদিনের চেয়ে সড়কে মানুষের সংখ্যা কম।

ঢাকাগামী কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই দিনে অসংখ্য লোক গণপরিবহনসহ বিভিন্ন বাহনে কর্মস্থলে যান। তবে ব্যক্তিগত বিভিন্ন কারণে এই দুই দিনে যাঁরা যেতে পারেননি, তাঁরাই সোমবার কর্মস্থলে যাচ্ছেন। এ ছাড়া জরুরি বা বিশেষ প্রয়োজনেও কেউ কেউ ঢাকায় যাচ্ছেন।

মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবুল হোসেন গাজী বলেন, সোমবারও ঢাকা-আরিচা মহাসড়কে কর্মস্থলগামী লোকজন যাতায়াত করছেন। তবে গত দুই দিনের চেয়ে যাত্রীর সংখ্যা কম। যে যাঁর মতো যেভাবে পারছেন কর্মস্থলের দিকে যাচ্ছেন।

সরেজমিন দেখা গেছে, মহাসড়কের কোনো গণপরিবহন চলাচল করেনি। পাটুরিয়া ঘাট থেকে পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, রিকশা ভ্যানে করে যাত্রীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আগে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকা পর্যন্ত আসছেন। এরপর হেঁটে কিছুদুর পেরিয়ে মানিকগঞ্জ বাস টার্মিনালের সামনে থেকে আবার পিকআপ ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন ছোট বাহনে ঢাকার দিকে যাচ্ছেন। এসব যাত্রীর কাছ থেকে তিন-চার গুণ বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রাজবাড়ীর কালুখালী উপজেলা কাশিনাথপুর গ্রামের মজনু মিয়া ও তাঁর স্ত্রী রেবেকা আক্তার। তিন বছরের ছেলেও ছিল তাঁদের সঙ্গে। ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় একটি পোশাক কারখানায় স্বামী-স্ত্রী দুজনই কাজ করেন। এ সময় মজনু মিয়া বলেন, ‘ডায়রিয়ায় অসুস্থ হয়ে দুই দিন বিছানায় পড়ে ছিলাম। কাল অফিসে না গেলে আমাগো চাকরি থাকব না। তাই দুর্বল শরীর নিয়াই আজ যাচ্ছি।’

সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অন্য যাত্রীদের সঙ্গে হুড়োহুড়ি করে একটি পিকআপ ভ্যানে উঠতে দেখা যায় চল্লিশোর্ধ্ব পোশাকশ্রমিক রাবেয়া বেগমকে। এ সময় তিনি বলেন, ‘বহু কষ্ট করে এইখানটাত আসছি। এইহানেও অনেকক্ষণ দাঁড়াইয়া থাইক্যা এই গাড়িতে উঠছি। অফিসে যাইতে তো অইব।’

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে পণ্যবাহী গাড়ির পাশাপাশি ঢাকাগামী যাত্রীরা নদী পার হচ্ছেন। সোমবার সকাল থেকে এই নৌরুটে আটটি ফেরি চলাচল করছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে পার হচ্ছেন এসব যাত্রী।