কুমিল্লায় করোনা রোগী ৩০ হাজার ছাড়াল
কুমিল্লায় আজ সোমবার এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৯২৪ জনের। শনাক্তের হার ৩৭ দশমিক ৯। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৩ জন মারা গেছেন, এর মধ্যে ৮ জন নারী ও ৫ জন পুরুষ। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বনিম্ন ২৪ বছরের ১ জন ও সর্বোচ্চ ৯৪ বছরের একজন নারী রয়েছেন। আজ বিকেল ৫টা ৪০ মিনিটে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য জানায়।
জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন জানান, জুলাইয়ের মতো আগস্টে শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ১ আগস্ট ৮০৬ জনের করোনা শনাক্ত হয়। এদিন মারা গেছেন ৯ জন ও সুস্থ হয়েছেন ৩২৩ জন। আগস্টের দুই দিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩০ জনের, সুস্থ হয়েছেন ৫৪৯ জন, মারা গেছেন ২২ জন। গত দুই দিনে শনাক্তের গড় হার ৩৬ দশমিক ৭৫।
আগস্টের দুই দিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩০ জনের, সুস্থ হয়েছেন ৫৪৯ জন, মারা গেছেন ২২ জন।
কুমিল্লায় জুলাইয়ে করোনা শনাক্ত হয় ১৪ হাজার ৫৩ জনের, মারা গেছেন ২৪৩ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৮ জন। জুলাইয়ে ৩৬ হাজার ৬৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে প্রতিবেদনে আসে ৩৪ হাজার ৮২৪ জনের। ১ হাজার ৮০৭ জনের প্রতিবেদন এখনো দেওয়া হয়নি।
২০২০ সালের ৭ এপ্রিল এই জেলায় প্রথম করোনা শনাক্ত ও ১১ এপ্রিল প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত জেলায় ৩০ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮১৬ জন ও মারা গেছেন ৭৪২ জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, জুলাইয়ে কুমিল্লা জেলায় গড়ে প্রতিদিন আটজন মারা গেছেন। প্রতিদিন গড়ে করোনায় শনাক্ত হয়েছেন ৪৫৩ জন। স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ পাড়া–মহল্লায় ছড়িয়ে পড়েছে। আগস্টেও সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও।