কেন্দুয়ায় বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে আবির আহম্মেদ (৩৫) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কেন্দুয়ার নওপাড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ত্রাণ বিতরণ চলাকালে আবিরের হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বলে জানান নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। আবির সংসদ সদস্য অসীম কুমার ও তাঁর সহধর্মিণী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের সঙ্গে বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন।
আবিরের বাড়ি উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন।
কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ত্রাণ বিতরণের সময় আকস্মিকভাবে আবির স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করেন। পরে তাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবিরের বড় ভাই ও উপজেলা আওয়ামী লীগের নেতা পাবেল আহমেদ বলেন, নওপাড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণের শেষ পর্যায়ে আবির হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবিরকে দাফন করা হবে বলে জানান পাবেল আহমেদ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন বলেন, আবিরের মৃত্যু নিয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।