গাড়িচাপায় পুলিশ সদস্য নিহতের মামলায় চালক গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গাড়িচাপায় পুলিশ সদস্য মারুফুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় চালক সুজন দে–কে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার সকালে চট্টগ্রামের রাউজানের ডাবুয়া জগন্নাথহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন দে রাউজানের ফকির টিলার ইয়াছিননগর এলাকার মৃত বিমল দের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য মারুফুল ইসলাম নিহত হন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন। মারুফুল ছুটি নিয়ে শুক্রবার রাতে মোটরসাইকেলে করে কক্সবাজারের চকরিয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফারুক উদ্দিন প্রথম আলোকে বলেন, বাসচাপায় পুলিশ সদস্য মারুফুল ইসলাম নিহতের ঘটনায় শনিবার দুপুরে তাঁর মা বাদী হয়ে গাড়িচালক ও তাঁর সহকারীকে আসামি করে সড়ক পরিবহন আইনে লোহাগাড়া থানায় একটি মামলা করেন। আজ রোববার সকালে র্যাব-৭–এর একটি দল রাউজানের ডাবুয়া জগন্নাথহাট এলাকা থেকে চালককে গ্রেপ্তার করে।