জয়পুরহাটে বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ৪
জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার রতনপুর গ্রামের শালুয়ার মাঠে এ ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার রতনপুর জোড়পুকুরিয়া গ্রামের দেলোয়ার হোসেন (৫৫) ও রতনপুর চৌধুরীপাড়ার মোফাজ্জল হোসেন (৫৩)। আহত ব্যক্তিরা হলেন উপজেলার এমদাদুল হোসেন (২৭), সাব্বির হোসেন (১৬), খলিল মিয়া (৫৫) ও সিরাজুল ইসলাম (২২)। তাঁরা সবাই পেশায় কৃষক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে একটি ফসলি জমিতে কয়েকজন কৃষক ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তাঁরা পাশেই একটি পুকুরের মাছ পাহারার জন্য নির্মিতব্য ঘরের বারান্দায় আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত ও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর স্থানীয়রা আহতদের তৎক্ষণাৎ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শী কৃষক মামুনুর রশিদ জানান, আহতরা একটু দূরে থাকায় তাঁরা প্রাণে বেঁচে গেছেন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, আজ সকালে মাঠে ধানের চারা রোপণের কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত চারজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।