নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ ২৯৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ ২৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গে মারা গেছেন দুজন। শনাক্তের হার ৩৩ দশমিক ৫৬। সোমবার বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার জেলার দুটি আরটি–পিটিআর ল্যাবে সর্বোচ্চ ৮২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯৩ জনের করোনা শনাক্ত হয়। আর বাকি ৫৮০ জনের ফল নেগেটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৩৯।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত হওয়া ২৯৩ জন করোনা রোগীর মধ্যে সর্বোচ্চ ১০৯ জন সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুবর্ণচর উপজেলার ৪ জন, বেগমগঞ্জের ৪৩, সোনাইমুড়ীর ২৭, চাটখিলের ২০, সেনবাগের ৪০, কোম্পানীগঞ্জের ৩৫ ও কবিরহাটের ১১ জন রোগী রয়েছেন।
জেলার চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের তালতলা গ্রামের জাহানারা বেগম (৭৫) বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলার করোনা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও সমন্বয়ক নিরুপম দাশ প্রথম আলোকে জানান, আজ দুপুরে সিরাজুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে ভর্তির ১০ মিনিটের মধ্যে মারা যান।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, এক দিনে সর্বোচ্চসংখ্যক নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ কমিয়ে আনতে তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু লোকজন সচেতন না হওয়ার কারণেই সংক্রমণ কমছে না।