ফেনী জেলায় করোনা শনাক্ত ৮ হাজার ছাড়াল
ফেনী জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৭১ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৮ হাজার ছাড়াল। একই সময়ে জেলা করোনায় সংক্রমিত হয়ে ১ জন ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঞা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ একজন ও উপসর্গ নিয়ে তিনজন রোগী মারা গেছেন। হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে ১৩৬ জন ভর্তি আছেন। এর মধ্যে কোভিড পজিটিভ আছেন ২৫ জন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১১ জন। ১৩০ জনকেই অক্সিজেন সেবা দিতে হচ্ছে।
জেলা সিভিল সার্জন রফিক উস সালেহীন জানান, নতুন সংক্রমিত ১৫৬ জন নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮। এর মধ্যে করোনায় ১০০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৯০ জন। জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৬৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৭ জন কোভিড রোগী ভর্তি আছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে কোভিড রোগী ২৫ জন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ ও একটি বেসরকারি হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন।