বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-মেয়ের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা বাবা। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া হাটকুশার ঘোপ গ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আলতাব আলীর স্ত্রী মিনু বেগম (৪৫) ও তাঁর মেয়ে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী আফরিন জাহান (১৬)। দুর্ঘটনায় আহত আলতাব আলীকে (৪৮) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলতাব আলী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরে গ্রামীণ ব্যাংকের শাখায় চাকরি করেন। তাঁর স্ত্রী ও মেয়ে বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কঠোর বিধিনিষেধের ছুটিতে আলতাব আলী স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে ছিলেন। মেয়ে আফরিন অসুস্থ হয়ে পড়লে গতকাল সন্ধ্যায় চিকিৎসক দেখাতে মোটরসাইকেল চালিয়ে বগুড়ার দিকে রওনা দেন আলতাব আলী। সন্ধ্যা সাতটার দিকে শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মেয়ে ও মা মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। তাঁদের ওপর দিয়ে বাসটি চলে গেলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন।