ভারত থেকে চতুর্থ দফায় এল আরও ২০০ টন তরল অক্সিজেন
রেলপথে ভারত থেকে ১০টি কনটেইনারে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছায়। আজ সোমবার সকাল সাতটা থেকে কনটেইনার থেকে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলবে।
বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোয় অক্সিজেনের সংকট মোকাবিলায় বেসরকারি কোম্পানি লিনডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে অক্সিজেন আমদানি করছে। কনটেইনার থেকে অক্সিজেন খালাস করে লরিতে ১৫ থেকে ২০ মেট্রিক টন করে অক্সিজেন সড়কপথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত আমদানিকারক কোম্পানির সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে পরে চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে।
প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনটি যমুনা নদীর পারে অনেক খোলামেলা জায়গায় হওয়ায় সেখানে আমদানি করা অক্সিজেন খালাস করা হচ্ছে। এভাবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ভারত থেকে তরল মেডিকেল অক্সিজেন আমদানি করে এখানেই খালাস করা হবে বলে জানান তিনি।
আমদানিকারক প্রতিষ্ঠানটি এবার নিয়ে চারবার রেলপথে ভারত থেকে মোট ৮০০ টন তরল অক্সিজেন বাংলাদেশে আনল। এর আগে ৩ ধাপে ৬০০ টন তরল অক্সিজেনবাহী বিশেষ ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে আসে।