ভাসানচর থেকে পালানো রোহিঙ্গা কবিরহাটে আটক
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাত নয়টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিমতলা বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক রোহিঙ্গার নাম দীন মোহাম্মদ (৫৫)। তিনি ভাসানচর আশ্রয়ণের ৬৮ নম্বর ক্লাস্টারের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে উপজেলার নিমতলা বাজারে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি।
বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে পরিচয় দেন। পরে রাত ১০টার দিকে তাঁকে কবিরহাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক রোহিঙ্গা দীন মোহাম্মদ ছয় মাস আগে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণকেন্দ্রে আসেন।
সেখান থেকে পালিয়ে আসার পর স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।