মার্কিন ডলার সংগ্রহ করতে সোনা পাচারের চেষ্টার সময় ধরা
যশোরে ১ কেজি ১৭৯ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ রোববার সকালে যশোরের শার্শা উপজেলার নাভারন মোড়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস তল্লাশি করে সোনার বারসহ ওই ব্যক্তিকে আটক করে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
আটক ব্যক্তির নাম মনিরুজ্জামান (৪০। তিনি শার্শার নামাজ গ্রামের বাসিন্দা। বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির যশোর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে নাভারন মোড়ে অবস্থান নেয় বিজিবি। এ সময় সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১০টি সোনার বারসহ মনিরুজ্জামানকে আটক করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ঢাকা থেকে সোনার বারগুলো সংগ্রহ করে তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন। ওই সোনার বিনিময়ে তাঁর মার্কিন ডলার নিয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল।
উদ্ধার ১০টি সোনার বারের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। এর আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা বলে জানান শাহেদ মিনহাজ ছিদ্দিকী।