ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন এবং এর উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এই ২৩ জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৬ জন নারী। তাঁদের মধ্যে ১৫ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং ৮ জন অন্য জেলার বাসিন্দা।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের মাহবুব (৪০), মো. আবিদ মিয়া (৪৫) ও লাইলী বেগম (৫০); হালুয়াঘাট উপজেলার আবুল হোসেন (৭০); ঈশ্বরগঞ্জ উপজেলার আলতার উদ্দিন (৮৫); নেত্রকোনা সদরের রাজা আলী (৭০) এবং মোহনগঞ্জ উপজেলার বিউটি আক্তার (৫০)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই করোনা ইউনিটে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছিল এক দিনে। বর্তমানে আইসিইউতে ২৫ জনসহ মোট ৫৩৫ রোগী করোনা ইউনিটে চিকিৎসাধীন। ভর্তিকৃত রোগীর সংখ্যার দিক দিয়েও এটি সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। তাঁদের মধ্যে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৬১। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬০ জনের। বর্তমানে ৩ হাজার ৮৭৮ জন আইসোলেশনে আছেন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৫০৯ জন।