সিলেটের বানভাসি মানুষের পুনর্বাসনের দাবি বিএনপির

সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমার মোগলাবাজারে ত্রাণ বিতরণ করা হয়। আজ রোববার বিকেলে
ছবি: প্রথম আলো

সিলেটের বন্যাকবলিত মানুষের পুনর্বাসনের দাবি জানিয়েছে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। আজ রোববার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে ও কুয়েত বিএনপির সহযোগিতায় আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও জালালপুর এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার কয়েক শ বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে দুই সপ্তাহের ব্যবধানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এখন পানি নামতে শুরু করেছে। মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে দেখছে, তাদের বাড়িঘর লন্ডভন্ড হয়ে পড়েছে। তাই এখন তাদের দরকার দীর্ঘমেয়াদি সহায়তা ও পুনর্বাসন।

আরও পড়ুন

ত্রাণ বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপির নেতা মাহবুবুল হক চৌধুরী, শওকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতি এখন তলানিতে চলে গেছে। দেশের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে দেশের অর্থনীতি ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। তাই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

আরও পড়ুন