রাজধানীতে ভ্যাপসা গরম: মেঘ থাকলেও বৃষ্টি হবে কি, জানাল আবহাওয়া অফিস

গরম থেকে শিশুকে রক্ষায় চার্জার ফ্যান ব্যবহার করছেন এক অভিভাবক। রেলওয়ে স্টেশন, রাজশাহীফাইল ছবি: প্রথম আলো

রাজধানীতে অন্তত চার দিন ধরে ভ্যাপসা গরম পড়েছে। গরম আছে দেশের প্রায় সর্বত্র। আজ শুক্রবার রাজধানীর আকাশে সামান্য মেঘ দেখা গেছে। তাতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, তা নিয়ে কথা বলেছে আবহাওয়া অফিস।

আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ পূর্বাভাস শুধু রাজধানী নয়, আশপাশের এলাকার জন্যও। ভ্যাপসা গরমের মধ্যে রাজধানীবাসীর প্রত্যাশা বৃষ্টির জন্য। কিন্তু রাজধানীতে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি হবে কি?

আজ সকাল নয়টার দিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, রাজধানীতে মেঘ আছে। এই মেঘ ভ্যাপসা গরম বাড়াতে পারে। এই মেঘ নিম্নস্তরে আছে। এখান থেকে সাধারণত বৃষ্টি হয় না। রাজধানীতে তাই বৃষ্টির সম্ভাবনা কম।

গত বুধবার রাজধানীতে তাপপ্রবাহ শুরু হয়। চলতি মাসে এই প্রথম রাজধানীতে তাপপ্রবাহ দেখা গেল। ওই দিন এ নগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ২ ডিগ্রি কমে আসে, তাপমাত্রা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ২ ডিগ্রি তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরম কিন্তু কমেনি।

এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, বাতাসে আর্দ্রতা প্রচুর। এ থেকে গরমের অনুভূতি বাড়ছে।

গতকাল দেশের চার জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। চারটি জেলাই ছিল খুলনা বিভাগের। সেগুলো হলো খুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরা। আজও এসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা আছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল খুলনার কয়রায়, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।