জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুমের পর হত্যার অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালছবি: প্রথম আলো

গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বুধবার এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেছিলেন। পাশাপাশি তিনি এ মামলায় জিয়াউল আহসানকে হাজিরের আবেদন করেন। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ মামলায় ২১ ডিসেম্বর জিয়াউল আহসানকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে আজ সকালে ট্রাইব্যুনালে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

এ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তিনটি অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের সামনে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে ৫০০-এর বেশি মানুষকে গুম করে হত্যা করার তথ্য এসেছে। এর মধ্যে ১০০-এর বেশি মানুষকে গুম করে হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক তিনটি অভিযোগ আনা হয়েছে।