হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ মাস বয়সী শিশু মাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে কান্নায় ভেঙে পড়েন মা। পরে শিশুটিকে আইসিইউতে নেওয়া হয়। শিশুটিকে গতকাল সোমবার এই হাসপাতালে ভর্তি করা হয়। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ১২ মেছবি: দীপু মালাকার

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু আর হামের উপসর্গে মারা গেছে ছয় শিশু।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫১ হাজার ৫৬৭।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৮৭। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ হাজার ৮৭৭ শিশু।

সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে যে তিন শিশু মারা গেছে, তারা ঢাকা বিভাগের।

একই সময়ে হামের উপসর্গে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় একজন করে মোট চারজন মারা গেছে। সিলেটে এই সংখ্যা দুজন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৩৫৬ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৬৮ জন। মোট মৃত্যু ৪২৪ জন।