পোস্টাল ব্যালটে ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ও সরকারি চাকরিজীবী ভোটার নিবন্ধন করা যাচ্ছেছবি: ইসির ওয়েবসাইট থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৩১৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এ নিবন্ধনে অংশ নিচ্ছেন। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ৪৫ হাজার ৪৪০ জন নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীর মধ্যে ৪ লাখ ২৯ হাজার ৯৬৫ জন পুরুষ ও ২৮ হাজার ৩৪৮ জন নারী।

সৌদি আরবের প্রবাসীরা সর্বোচ্চ নিবন্ধন করেছেন—সংখ্যাটি ১ লাখ ১৭ হাজার ১১৭ জন। এ ছাড়া কাতারে ৪২ হাজার ২০১, মালয়েশিয়ায় ২৯ হাজার ৭৯৩, ওমানে ২৮ হাজার ৯১৫, সংযুক্ত আরব আমিরাতে ২৩ হাজার ২৫, যুক্তরাষ্ট্রে ২২ হাজার ৬৪০, সিঙ্গাপুরে ১৬ হাজার ৬৯৮, যুক্তরাজ্যে ১৬ হাজার ২৬১, কুয়েতে ১৪ হাজার ৮৫৯, ইতালিতে ১২ হাজার ৪৯৯, কানাডায় ১০ হাজার ৬৫১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৯৭ এবং অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৬৪৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, ‘প্রবাসীদের কাছে পৌঁছানোই প্রধান চ্যালেঞ্জ। আমরা দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা করে প্রবাসীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার এ বিষয়ে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে মিটিং হয়।’

সালীম আহমাদ খান আরও বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের নিবন্ধন পুরোপুরি শুরু হয়েছে। ইন-কান্ট্রি পোস্টাল ভোটের (আইসিপিভি) মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার নিবন্ধন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সালীম আহমাদ খান আরও জানান, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে খরচ পড়বে মাত্র ২২ টাকা। প্রবাসীদের জন্য গড়ে খরচ হবে ৭০০ টাকা। তিনি বলেন, এ গতিতে নিবন্ধন হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটারের সংখ্যা ৫ থেকে ৬ লাখ হতে পারে।

সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশনের এক বার্তায় বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন

আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন কেবল ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা নিবন্ধন করতে চান, নির্বাচন কমিশনের মাধ্যমে তাঁদের নিবন্ধনপ্রক্রিয়া শেষ করা হবে।

আরও পড়ুন