ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে রোববার সকালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে
ছবি: প্রথম আলো

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে পায়ে হেঁটে যেতে দেখা গেছে।

সজীব হোসেন নামের এক শিক্ষার্থী জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি দেওয়ার চেষ্টা করছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হবে। তাই তাঁরা ডিভিএম ডিগ্রির দাবি জানিয়েছেন। এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করার পরও তাঁদের দাবি মানা হয়নি। এ কারণে নতুন করে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন তাঁরা।