ট্রাকচাপায় উদ্ধারকর্মী নিহত

বঙ্গবন্ধু সেতুর ওপর একটি বিকল ট্রাক সরাতে গিয়ে অপর ট্রাকের ধাক্কায় আবদুল কাদের (৩৫) নামে এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সেতুর ৩০ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল কাদের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) পেট্রল ও রেকার গাড়ির উদ্ধারকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী এহসানুল কবির জানান, রাত দেড়টার দিকে সেতুর ওপর বিকল হওয়া ট্রাকটি সরাতে গিয়ে অপর একটি মিনি ট্রাকের ধাক্কায় কাদের গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।