দেশে ভারত বায়োটেকের টিকা ট্রায়ালের অনুমোদন

ভারতে দেশীয় পদ্ধতিতে কোভ্যাক্সিন নামের টিকা তৈরি করেছে ভারত বায়োটেক
ছবি: ভারত বায়োটেক

ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘কোভ্যাক্সিন’ বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এই অনুমোদন দেয়।

বিএমআরসি সভাপতি অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী সোমবার রাতে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) বেশ কয়েক মাস আগে এই টিকা ট্রায়ালের জন্য বিএমআরসির কাছে অনুমতি চেয়েছিল।

সৈয়দ মোদাচ্ছের আলী প্রথম আলোকে বলেন, ‘সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির ওপর ভিত্তি করে আমরা এই অনুমোদন দিয়েছি। এই টিকার ট্রায়ালে আর কোনো বাধা নেই।’

আইসিডিডিআরবির বিজ্ঞানী কে জামান এই ট্রায়ালের প্রধান গবেষক। তবে কবে নাগাদ এই ট্রায়াল শুরু হবে, সেই বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কে জামানের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ যৌথভাবে ‘কোভ্যাক্সিন’ নামে করোনার টিকা উদ্ভাবন করেছে। ভারতে এই টিকা ব্যবহার করা হচ্ছে।