নোবিপ্রবি শিক্ষার্থীদের করোনা মোকাবিলায় ভিন্নধর্মী উদ্যোগ

৯০ জন নোবিপ্রবিয়ানকে উপহার দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
৯০ জন নোবিপ্রবিয়ানকে উপহার দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

করোনার মহামারিতে বন্ধ ঘোষণা করা হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। এতে বিপাকে পড়েছেন অনেক অসচ্ছল শিক্ষার্থী। এই অসচ্ছল শিক্ষার্থীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নোবিপ্রবির একদল তরুণ শিক্ষার্থী। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবিলায় তাঁরা এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন।

পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সেটি দেখে অন্য সদস্যরা যেমন এগিয়ে আসেন, এটি যেন ঠিক তেমনই দৃষ্টান্ত। প্রবাদে আছে, একতাই বল। একতা থাকলে যেকোনো কঠিন কাজ সহজে করা সম্ভব। তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুণেরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এই তরুণেরা তাঁদের এই কার্যক্রম শুরু করেন। ফেসবুকে ‘করোনা মোকাবিলায় নোবিপ্রবিয়ান’ নামের একটি গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এই গ্রুপে বিপাকে পড়া শিক্ষার্থীদের জন্য সাহায্য চেয়ে পোস্ট করা হয়।

এ উদ্যোগের বিষয়ে উদ্যোক্তাদের থেকে জানা যায়, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিক্ষার্থী পড়তে আসেন, যাঁদের অনেকেই আর্থিকভাবে অসচ্ছল এবং তাঁদের একমাত্র অবলম্বন টিউশনি। কিন্তু বর্তমানে করোনা মহামারি পরিস্থিতির কারণে টিউশনিসহ বন্ধ আছে সবকিছু। দেশের নানা প্রান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের একমাত্র উপার্জনের ব্যবস্থাটাও আজ বন্ধ হয়ে গেছে। ফলে বাসাভাড়া, খাদ্যসংকটসহ নানা সমস্যায় ভুগছেন তাঁরা। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নোবিপ্রবির সমস্যাগ্রস্ত ভাইবোনদের পাশে দাঁড়ানো যায় এবং সহযোগিতা করা যায়। করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে সবাই একে অপরকে সহযোগিতা করতে পারাই এ উদ্যোগের উদ্দেশ্য।’

অসচ্ছল শিক্ষার্থীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একদল তরুণ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
অসচ্ছল শিক্ষার্থীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একদল তরুণ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে এই উদ্যোগের অন্যতম কো–অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মাইনুদ্দিন পাঠান বলেন, ‘করোনার এই মহামারি অবস্থায় যাঁরা সমস্যায় আছেন, তাঁরা পরিস্থিতির শিকার। তাই সবার উচিত সবার পাশে দাঁড়ানো। করোনা পরিস্থিতির শিকার নোবিপ্রবিয়ানদের ফান্ড ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা একটি ফেসবুক গ্রুপ খুলেছি। যেসব নোবিপ্রবিয়ান সমস্যায় আছেন, তাঁরা সাহায্য চেয়ে পোস্ট দিতে পারবেন এবং যাঁরা এখানে সাহায্য চাইবেন ডোনেশন মেনেজ করে, তাঁদের তা পৌঁছে দেওয়া হবে। আমরা এখন পর্যন্ত ৯০ জন নোবিপ্রবিয়ানকে উপহার দিতে পেরেছি এবং আরও সাহায্যের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এই উদ্যোগের মাধ্যমে আমাদের অসহায় ভাইবোনদের মুখে হাসি ফোটাতে চাই।’
করোনা এই পরিস্থিতিতে সমস্যায় পড়া নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগকে শিক্ষার্থী–শিক্ষক সবাই সাধুবাদ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী–শিক্ষকেরা এই উদ্যোগে পাশে থাকার জন্য সাহায্যের হাত প্রসারিত করেছেন।
* লেখক: শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি