ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১ কিশোর নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই দল কিশোরের সংঘর্ষে মো. সানি (১৭) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও দুজন। সোমবার রাত নয়টায় উপজেলার গোলান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানি গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে। এ ঘটনায়  হীরা ও সায়েম নামের সানির দুই বন্ধুকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন প্রথম আলোকে বলেন, পূর্ব বিরোধের জেরে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মো. মাহফুজ ফেসবুকে সানিকে নিয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ সানি তার বন্ধুদের নিয়ে বেড়িবাঁধ এলাকায় মাহফুজকে খুঁজতে যায়। সেখানে মাহফুজকে না পেয়ে মাহফুজের দুই বন্ধুকে আটকে রেখে মারধর করে সানি ও তার বন্ধুরা।

খবর পেয়ে মাহফুজ ও তার ভাই মাসুম দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে সানিদের ওপর হামলা চালায়। এতে সানি, হীরা ও সায়েম গুরুতর আহত হলে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই সানির মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন।

এ ঘটনায় মাহফুজের বড় ভাই আল আমিনসহ (২৬) দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। রাত সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।