মডেল পিয়াসা–মৌ রিমান্ডে

ফারিয়া মাহাবুব পিয়াসা
ছবি: সংগৃহীত

মাদক মামলায় মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এ আদেশ দেন।

গুলশান থানায় করা মাদক মামলায় পিয়াসাকে আদালতে হাজির করে ১০ দিন এবং মোহাম্মদপুর থানায় করা মামলায় মৌকে ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পিয়াসাকে তিন দিন ও মৌকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

মরিয়ম আক্তার মৌ
ছবি: সংগৃহীত

গতকাল রোববার রাতে বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে পিয়াসা ও মোহাম্মদপুরে বাসায় অভিযান চালিয়ে মৌকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। পিয়াসা বারিধারার একটি ফ্ল্যাটে থাকেন। আর মৌ থাকেন মোহাম্মদপুরে। তাঁরা দুজন একই চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে উঠতি বয়সের ছেলেদের নিয়ে এসে মাদকদ্রব্যাদি সেবন করিয়ে আপত্তিকর ছবি তোলার অভিযোগ রয়েছে। এরপর ব্ল্যাকমেল করে ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করতেন এই দুই নারী।

২০১৭ সালে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের ঘটনার সময় মডেল পিয়াসার নাম উঠে আসে। ওই মামলায় তিনি নিজেকে অভিযুক্ত আসামি শাফাত আহমেদের স্ত্রী হিসেবে দাবি করেছিলেন। ওই মামলার সাক্ষীর তালিকায় পিয়াসার নাম রয়েছে। যদিও আদালতে সাক্ষ্য দিতে যাননি তিনি।