মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট না করার দাবি
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘টালবাহানা’ না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং কোনো সিন্ডিকেট না করে সব রিক্রুটিং এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে রুস্তম আলী ফরাজী এ দাবি জানান।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রুস্তম আলী ফরাজী বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে মন্ত্রী বারবার মালয়েশিয়া গেলেন।
মালয়েশিয়া শ্রমিক নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সিন্ডিকেটের কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সিন্ডিকেট করে বিশেষ গোষ্ঠীকে সুযোগ দেওয়া হলে কর্মীদের বিদেশ যেতে খরচ বেড়ে যাবে। এক–দেড় লাখ টাকার জায়গায় তিন–চার লাখ টাকা লাগবে।
মন্ত্রীর উদ্দেশে রুস্তম আলী ফরাজী বলেন, ‘টালবাহানা না করে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। সবাইকে ছেড়ে দেন।’