সরকারি কর্মচারীদের বিমার বদলে নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত

অর্থ মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে। ১ এপ্রিল থেকে এটি কার্যকর।
পরিপত্রে বলা হয়, করোনায় আক্রান্ত রোগীর সেবা দেওয়ার কাজে সরাসরি কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রত্যক্ষভাবে এ করোনা মোকাবিলায় নিয়োজিত প্রজাতন্ত্রের অন্য কর্মচারীরা এ সুবিধা পাবেন। দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ সরাসরি এ আর্থিক সুবিধা দেওয়া হবে।
পরিপত্রে আরও বলা হয়, ‘২০১৫-এর বেতনকাঠামো অনুযায়ী ১৫-২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ পাবেন ৫ লাখ টাকা। আর মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন সাড়ে ৭ লাখ টাকা আর মারা গেলে পাবেন সাড়ে ৩৭ লাখ টাকা। এ ছাড়া প্রথম থেকে নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং মারা গেলে পাবেন ৫০ লাখ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ ও ১৩ এপ্রিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসনের মাঠপর্যায়ের কর্মচারীসহ প্রত্যক্ষভাবে দায়িত্ব পালনকারীদের জন্য স্বাস্থ্যবিমার কথা বলেছিলেন। কিন্তু প্রিমিয়াম দেওয়ার জটিলতার কারণে সরকার বিমার বদলে সরাসরি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়।