আজ আবার কমেছে সোনার দাম, ভরিতে ২,১৫৭ টাকা

সোনার দাম কমেছেপ্রথম আলো গ্রাফিকস

আজ বুধবার দেশের বাজারে আবার কমানো হয়েছে সোনার দাম। ফলে গত শুক্রবার থেকে এ নিয়ে টানা তিনবার সোনার দাম কমানো হলো।

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৭ টাকা। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। ফলে গত শুক্রবার থেকে আজ পর্যন্ত সোনার দাম কমল সর্বোচ্চ ৮ হাজার ৭৪৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।

আজ সকালে নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে সোনার দাম দাঁড়িয়েছে এ রকম: ২২ ক্যারেটের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা; ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

আজ দাম বাড়ার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা, সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এদিকে আজ সোনার দাম কমলেও রুপির দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরাসরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে সোনার কমেছে। আজ ২০ মে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স ৪৩ ডলার কমেছে। গত ৩০ দিনে সোনার দাম কমেছে ১৯২ দশমিক ২২ ডলার। তবে গত ছয় মাসে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৪৩৮ ডলার।