স্টিভ জবসের হাতে লেখা চাকরির আবেদন নিলামে বিক্রি
অ্যাপলের সহকারী প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস। তাঁর পরিচিতি বিশ্বজুড়েই। ৮ থেকে ৮০ বছরের অধিকাংশ মানুষই জবসকে চেনেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, অ্যাপল প্রতিষ্ঠার আগে চাকরি খোঁজারও চেষ্টা করেছিলেন স্টিভ জবস। এবার তাঁর সেই চাকরির আবেদনপত্রটি নিলামে উঠল। দাম ছুয়ে গেল কয়েক লাখ ডলার।
১৯৭৩ সালে চাকরির জন্য আবেদন করেছিলেন স্টিভ জোবস। আবেদনপত্রটি নিজের হাতেই পূরণ করেছিলেন। তখন বয়স মাত্র ১৮ বছর। এটিই ছিল তাঁর একমাত্র চাকরির আবেদন। স্টিভের হাতে লেখা সেই চাকরির আবেদনপত্র ৩৪ লাখ ৩০০ ডলারে বিক্রি হয়। আবেদনপত্রটিতে নাম, ঠিকানা, বয়স, ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় বিষয় লেখা রয়েছে। আবেদনে ফোন নম্বর ছিল না। সবকিছু নিজেই লিখেছিলেন অ্যাপলের সাবেক কর্ণধার। আবেদনপত্রটি এখনো ‘খুব ভালো অবস্থাতেই’ রয়েছে বলে দাবি করা হয়েছে।
এবার প্রথম নয়, এর আগে জবসের এই চাকরির আবেদনপত্র নিলামে উঠেছিল আমেরিকার নিউইয়র্কের বোনহামসে। তারপরই বারবার সেটির মালিকানা বদল হতে থাকে। ২০১৭ সালে ১৮ হাজার ৭৫০ ডলারে, এরপর ২০১৮ সালে ১ লাখ ৭৪ হাজার ৭৫৭ ডলারে এবং শেষে ২০২১ সালের মার্চে ২ লাখ ২২ হাজার ৪০০ ডলারে নিলাম হয়।
পোর্টল্যান্ডের রিড কলেজ থেকে পড়াশোনা শেষে চাকরির আবেদন করেছিলেন স্টিভ জবস। ১৯৭৪ সালে তিনি ভিডিও গেম ডিজাইনার হিসেবে প্রথম চাকরিতে যোগ দেন। ১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক দুজনেই সেই চাকরি ছেড়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে ‘অ্যাপল’ নামে প্রথম পার্সোনাল কম্পিউটার বের করেন। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে