জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন না, সিদ্ধান্ত সিন্ডিকেটে
বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত হওয়া শিক্ষার্থীরা বহিষ্কারকালীন সময়ে ক্লাস, সেমিস্টার কার্যক্রম ও পরীক্ষায় অংশ নিতে পারবেন না—এমন সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাকক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখা এবং একাডেমিক পরিবেশ সুরক্ষিত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান মেনে চলার প্রবণতা বাড়াতে এ সিদ্ধান্ত সহায়ক হবে। সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলে প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আগে সাময়িক বহিষ্কারের পরও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা ক্লাস বা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। তবে সিন্ডিকেট থেকে পাস হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কার কার্যকর থাকা অবস্থায় কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।