শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন সদস্য
সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. খায়রুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে উপাচার্যের অব্যাহতি ও নতুন নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। নতুন উপাচার্যের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে। অবশ্য আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ইউজিসির সদস্যের পদ থেকে অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হয়েছে।