ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পাবে ভর্তি সহায়তা, মানতে হবে কয়েকটি শর্ত
মাধ্যমিক ও সমমান পর্যায়ে (ষষ্ঠ-দশম শ্রেণিতে) শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন এন্ট্রির আবেদন শুরু হয়েছে। ১৪ মে শুরু হওয়া এ আবেদন চলবে ১৪ জুন ২০২৬ পর্যন্ত।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ খ্রিষ্টাব্দে ষষ্ঠ-দশম শ্রেণিতে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তি সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্ধারিত সময়সূচি ও নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ‘ই-ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’ লিংকে প্রবেশ করে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে এ আবেদন করতে হবে। মাধ্যমিক ও সমমান পর্যায়ে ২০২৬ খ্রিষ্টাব্দে ষষ্ঠ-দশম শ্রেণিতে ভর্তি করা অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬’ অনুযায়ী কিছু শর্তে এই আবেদন করতে হবে। কয়েকটি শর্ত হলো—
*মেধাবী হিসেবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বরপ্রাপ্ত অথবা জিপিএ ৫–এর ক্ষেত্রে ৩ দশমিক ৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে;
*এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনে প্রমাণকের কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে;
*বাবা-মা বা অভিভাবকের বাৎসরিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে এবং
*ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি, পিতা ও মাতার এনআইডি কপি, শিক্ষার্থীর ১ কপি ছবি এবং শিক্ষার্থী অথবা পিতা বা মাতার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। ভর্তি সহায়তা–সংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।