টানা ১০ মিনিট ধরে অভিবাদন! কেঁদে ফেললেন অভিনেতা

‘ফিওড’ সিনেমার অভিনয়শীল্পী ও পরিচালক। এএফপি

কান চলচ্চিত্র উৎসবে এবার আবেগে ভাসাল ক্রিশ্চিয়ান মুঙ্গিউর নতুন সিনেমা ‘ফিওড’। প্রিমিয়ার শেষে টানা ১০ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়েছেন দর্শকেরা। সেই মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি ছবির দুই তারকা সেবাস্তিয়াত স্ট্যান ও রেনাতে রেইনসভে। চোখ ভিজে ওঠে দুজনেরই।

কান উৎসবের গ্র্যান্ড প্যালেসে গতকাল সোমবার রাতে প্রদর্শিত হয় হৃদয়বিদারক এই ফ্যামিলি ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন রোমানিয়ান নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউ, যিনি এর আগেও কান উৎসবে একাধিকবার প্রশংসিত হয়েছেন।

পরিবার, ধর্ম আর রাষ্ট্রের সংঘাত

‘ফিওড’-এর গল্প আবর্তিত হয়েছে এক রোমানিয়ান পরিবারকে ঘিরে। কঠোর ধর্মীয় বিশ্বাস নিয়ে তারা নরওয়ের এক ছোট্ট গ্রামে নতুন জীবন শুরু করতে যায়। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে স্থানীয় সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হতে থাকে।

একপর্যায়ে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে পরিবারটির বিরুদ্ধে। এরপরই তাদের সন্তানদের রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও পুরো পরিস্থিতি পরিবারটিকে এক দুঃস্বপ্নের মধ্যে ঠেলে দেয়।
প্রদর্শনীর সময় দর্শকদের অনেককে বিস্ময়, ক্ষোভ ও আবেগে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। বিশেষ করে সন্তানদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার দৃশ্যগুলো হলে তীব্র আবেগ তৈরি করে।

‘ফিওড’ সিনেমার অভিনয়শীল্পী ও পরিচালক। এএফপি

কেঁদে ফেললেন সেবাস্টিয়ান স্ট্যান
প্রদর্শনী শেষে যখন টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানানো হচ্ছিল, তখন আবেগাপ্লুত হয়ে পড়েন সেবাস্তিয়াত স্ট্যান ও রেনাতে রেইনসভে। তাঁদের চোখে জল দেখা যায়।

নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউ দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার ছবির ওপর বিশ্বাস রেখেছেন, এ জন্য ধন্যবাদ।’ ফরাসি ও ইংরেজি—দুই ভাষাতেই কথা বলেন তিনি। তাঁর মতে, একটি সিনেমা সময়ের পরীক্ষায় টিকে থাকবে কি না, তার বড় সূচক কান উৎসবের দর্শকপ্রতিক্রিয়া।

আরও পড়ুন

কান উৎসবের পরিচিত মুখ
ক্রিশ্চিয়ান মুঙ্গিউ কান উৎসবের পুরোনো পরিচিত নাম। ২০০৭ সালে তাঁর সিনেমা ‘৪ মান্থস, ৩ উইকস অ্যান্ড ২ ডে’ জিতে নেয় স্বর্ণপাম। পরে ‘বিয়ন্ড দ্য হিলস’–এর জন্য পান সেরা চিত্রনাট্যের পুরস্কার এবং ‘গ্র্যাজুয়েশন’ তাঁকে এনে দেয় সেরা পরিচালকের স্বীকৃতি।

অন্যদিকে সেবাস্তিয়ান স্ট্যান গত বছর কান উৎসবে এসেছিলেন ‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমা নিয়ে। আর রেনাতে ২০২১ সালে ‘দ্য ওরস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’–এর জন্য জিতেছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

‘ফিওড মুক্তির আগেই ছবিটির পরিবেশনার অধিকার কিনে নেয় নিওন। সাম্প্রতিক বছরগুলোতে কান উৎসবে জয়ী সিনেমাগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সাল থেকে টানা ছয় বছর স্বর্ণপাম জয়ী সিনেমা পরিবেশন করেছে তারা।

ভ্যারাইটি অবলম্বনে

‘ফিওড’ সিনেমার অভিনয়শীল্পী ও পরিচালক। এএফপি