অবলা প্রাণীদের কথাও ভোলেননি তাঁরা

কারও ডাকের অপেক্ষা তাঁরা করেননি। চট্টগ্রাম, সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে হঠাৎ যখন বন্যা হানা দিল, তখন ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সংগঠন বন্যার্তদের সেবায় এগিয়ে এসেছে নিজেদের মতো করে। নানা কার্যক্রমের মধ্য দিয়ে তহবিল গঠন করেছেন তাঁরা, সংগ্রহ করেছেন ত্রাণ। পড়ুন তেমনই একটি সংগঠনের উদ্যোগের কথা।

প্রায় ৩০০ গবাদিপশুর চিকিৎসা ও প্রায় ৬০০ কেজি গোখাদ্য সরবরাহ করেন সংগঠনটির সদস্যরা।
ছবি: সংগৃহীত

নিজেরা খাবার রান্না করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রায় এক হাজার মানুষকে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করেছেন তাঁরা। হলের ডাইনিংয়েই বসেছিল রান্নার যজ্ঞ।

আরও পড়ুন

মানুষের খাবারের চাহিদা মেটানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে গোখাদ্যের চাহিদা পূরণ করা আরও কঠিন। এগিয়ে এসেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার ও জীববৈচিত্র্যবিষয়ক সংগঠন প্রাধিকার। কর্মসূচির মাধ্যমে ৮০টি পরিবারের প্রায় ৩০০ গবাদিপশুর চিকিৎসা ও প্রায় ৬০০ কেজি গোখাদ্য সরবরাহ করেন সংগঠনটির সদস্যরা।

নিজেদের কার্যক্রম নিয়ে প্রাধিকারের সাধারণ সম্পাদক নীলোৎপল দে বলেন, ‘এই প্রতিকূল পরিবেশে গবাদিপশুগুলোকে বাঁচিয়ে রাখতে না পারলে অনেক পরিবারই নিঃস্ব হয়ে যাবে। কেননা, অনেক পরিবারের জীবিকা এর ওপরই নির্ভর করে। তাই প্রাধিকারের পক্ষ থেকে আমরা গবাদিপশুগুলোকে চিকিৎসা ও খাবার দিচ্ছি।’