১০ মাস পর নদী থেকে সচল অবস্থায় ফিরে পেলেন আইফোন

২০২১ সালের ১৩ আগস্ট। যুক্তরাজ্যের লন্ডনে গ্লস্টারশায়ারের সিন্ডারফোর্ডের কাছে ওয়াই নদীর ওপর চলছিল একটি ব্যাচেলর পার্টি। অসাবধানে ওয়েন ডেভিসের হাত থেকে তাঁর আইফোনটি নদীতে পড়ে যায়। খরস্রোতা নদীতে ডুবে যাওয়া সেই ফোন ফিরে পাওয়ার কোনো আশাও করেননি ডেভিস।

দশ মাসে স্ত্রী চুলের রং বদলে ফেলেছেন, স্বামী দাড়ি গোঁফ কেটে ফেলেছেন। এদিকে অক্ষত আছে আইফোন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

১০ মাস পর কিন্তু ঠিকই সেই ফোন খুঁজে পান মিগুয়েল পাচেকো নামের আরেক লন্ডনবাসী। আশ্চর্যের ব্যাপার হলো ফোনটি সচল ছিল। মিগুয়েল নিজের ফেসবুকে পুরো ঘটনা আর ফোনের বর্ণনা দেন। রাতারাতি চার হাজারের বেশিবার শেয়ার হয়েছিল সেই পোস্ট।

ফোন চার্জে দিতেই সচল হয়ে ওঠে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মিগুয়েলের সেই পোস্ট দেখতে পান ডেভিসের এক বন্ধুর বন্ধু। আর এভাবেই ১০ মাস পর হারানো ফোন ফিরে পান ডেভিস। বিবিসিকে মিগুয়েল বলেন, ‘ফোনটি পাওয়ার পর কল্পনাও করিনি যে এটি ভালো আছে। ফোনের ভেতর পানি ঢুকেছিল। গায়ে কাদা লেগেছিল। পানি বের করে, কাদা মুছে শুকিয়ে অবাক হয়ে দেখলাম ফোন ঠিক আছে। চার্জে দিতেই ফোন জেগে উঠল। ফোনের ওপর একজন নারী আর একজন পুরুষের ছবি দেখলাম। আর দেখলাম ১৩ আগস্ট শুক্রবার লেখা। তার মানে ওই দিনই ফোনটি পানিতে পড়েছিল।’

ফোন খুলতেই দেখা যায় বামপাশের ছবিটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিবিসিকে ডেভিস জানান, ১০ মাস পরও তিনি তাঁর ফোনটা হারানোর দুঃখ ভুলতে পারেননি। কেননা, ফোনে থাকা তাঁদের ছোট্ট বাবুর ছবিগুলোর জন্য তাঁর ও তাঁর স্ত্রীর মন খারাপ হচ্ছিল। তাঁদের সন্তানের জন্মের পর প্রথম ছবিগুলো সব ওই ফোনেই ছিল। তিনি বললেন, ‘ফোন হাতে নিয়ে আগে আমার বাচ্চার ছবিগুলো দেখলাম। সব একদম ঠিকঠাক আছে।’

এটিই ছিল সেই ফোনে তোলা শেষ ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে