ফিলিস্তিন নিয়ে কী লিখব আমি!
বরং আমাকে গুলি করো, বোমা মারো।
হে কবিতা, আমাকে জন্ম দাও, গাজায়—
বোমায় ক্ষতবিক্ষত মায়ের লাশ কাঁধে নিই।
তাকে কবর দিই প্রিয় জলপাইগাছটির নিচে।
আমাকে জন্ম দাও, পশ্চিম তীরে—
আমার শিশুর থেঁতলানো রক্তমুখে শেষ চুমো খাই।
হে কবিতা, কী লিখব আমি!
বরং আমাকে উচ্ছেদ করো জন্মভিটা থেকে—
আমার আঙুরখেত থেকে।
আমাকে গুলি করো, বোমা মারো—
আর আমি উগরে দিই তেতো বিষ, সবকিছু,
রক্তবমি করি,
উগরে দিই তোমাকে।