চিঠি: ইভানা ফেরদৌসী

বউ,

তোমাক ভালোবাসার কতা কতি শরম লাইগবার লাইগছে। তা-ও কইলাম। ব্যাটা সবুর মোক কি বাপ কয়া ডাকে? তোমরার জন্যি নাল শাড়ি, ব্যাটার জন্যি নাল পিরান কিনছোম। হামার চাকরিতে বেতন বাড়িছে। দুই-তিন বছর গেলি পরে চিলমারীর বন্দরের কাছোত ভুঁই কিনিম। এত্তি হামরার বাড়ি বানাইম।

এইবার মুই তোক ফোন কইরলে একটা গান শুনাবু—

বন্ধু কাজল ভোমরারে...

কোন দিন আসিবেন বন্ধু কয়া যাওরে...

শরীলত জ্বর আসিল বুঝি। ঢাকা শহরে তো এক বালামুসিবত নাইগছে। এত্তির নাম নাকি করোনা। মোর নাগি দোয়া করিস বউ।

ইতি

তোর এখলাস

এখলাসের এই চিঠি আর পোস্ট করা হয় না। বটবৃক্ষের ছায়া পড়ে রইল। মোর বন্ধুর মায়া পড়ে রইল। নাল পিরান, নাল শাড়ি পড়ে রইল। মায়ে কান্দে, বাপে কান্দে, বউয়ে কান্দে, নিথুয়া পাথার কান্দে।

ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। সোনা বন্ধু ধন গো, কী বিষ তোমার শরীরে।

ঢাকা শহরের কোনো এক অজানা কবরস্থানে এখলাস ঘুমিয়ে আছে।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]