ছিনতাই: আদনান সহিদ
২১ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর সুপার শপ থেকে ব্যাগভর্তি পুরো মাসের বাজার করে বেরিয়ে রিকশায় উঠলেন ইলিয়াস আমিন। রিকশা চলা আরম্ভ করতেই হাওয়ার বেগে দুদিক থেকে মাস্কপরা দুই যুবক এসে গতিরোধ করল।
ধারালো এক এন্টিকাটার দেখিয়ে একজন বলল, ‘এই দাঁড়া!’
ইলিয়াস আমিন কাঁপতে কাঁপতে হাতে ধরা মানিব্যাগটি এগিয়ে দিলেন, ‘এখানে যা টাকা আছে, নিন। প্লিজ, যেতে দিন আমাকে।’
রিকশার বাঁ দিকের যুবক মানিব্যাগটি প্রায় ছোঁ মেরে নিয়ে নিল। ডানদিকের যুবকটি বাজারভর্তি ব্যাগ দুটি টেনে মাটিতে নামাল।
হঠাৎ বাঁ দিকের যুবকটি কিছু ভেবে মানিব্যাগটি আবার হতভম্ব ইলিয়াস আমিনের হাতে গুঁজে দিল।
তারপর ক্রুদ্ধ গলায় বলল, ‘এখানে অনেক টাকা আছে। টাকা খা। চাবাইয়া খা!’
বলেই বাজারের ব্যাগসহ গলির ভেতর অদৃশ্য হয়ে গেল দুজন!
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]