সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫

১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী; উপরে বাঁ থেকে নূরুন্নিসা সিদ্দীকা (জামায়াত), সাবিকুন্নাহার (জামায়াত), মারদিয়া মমতাজ (জামায়াত) ও তাসমিয়া প্রধান (জাগপা); নিচে বাঁ থেকে রোকেয়া বেগম (জুলাই শহীদের মা), মনিরা শারমিন (এনসিপি) ও মাহমুদা আলম ((এনসিপি)

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে।

জামায়াতের আট নারী যাচ্ছেন সংসদে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যাচ্ছেন দুজন। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন এবং জুলাই শহীদ পরিবারের একজনকে নারী আসনের সংসদ সদস্য করা হচ্ছে এই জোট থেকে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় ১১–দলীয় ঐক্য। সেই হিসাবে তারা ১৩টি নারী আসন পাচ্ছে। ৫০ নারী আসনের ৩৬টি বিএনপি পাচ্ছে। ক্ষমতাসীন দলটি আজ সোমবারই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর পরপরই ১১–দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হওয়ার খবর পাওয়া যায়।

জামায়াতের মহিলা বিভাগ সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের জন্য জোট থেকে যাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে, তাঁরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির দুজন নেতা ও কেন্দ্রীয় মহিলা বিভাগের শীর্ষস্থানীয় এক নেত্রী এই নামগুলো প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

প্রার্থী চূড়ান্তের তথ্যটি নিশ্চিত করে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা প্রথম আলোকে বলেন, নামগুলো আগামীকাল আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় ঐক্যভুক্ত দলগুলোর নেতারা গত ১৬ জানুয়ারি ঐক্যবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। এখন সংসদে নারী আসন ভাগাভাগি করে নিচ্ছেন তারা
ফাইল ছবি: প্রথম আলো

জামায়াত থেকে যাঁরা সংসদ সদস্য হচ্ছেন, তাঁরা হলেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার, সিলেটের নেত্রী মাহফুজা হান্নান, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম।

জানতে চাইলে জামায়াতের মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁকে দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। আগামীকাল নির্বাচন কমিশনে তিনি মনোনয়নপত্র জমা দেবেন।

এনসিপির দুজন হলেন দলের নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু।

এনসিপির দুই নেতা মনিরা শারমিন (বাঁয়ে) ও মাহমুদা আলম মিতু
ছবি সংগৃহীত
আরও পড়ুন

তাসমিয়া প্রধান জাগপার চেয়ারম্যান এবং মাহবুবা হাকিম বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য।

এ ছাড়া জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়ে সংসদে নিচ্ছে ১১–দলীয় ঐক্য।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে।

নারী আসনে সরাসরি নির্বাচন হয় না। সংসদে দলগুলোর আসনসংখ্যার অনুপাতে নারী আসনগুলো বণ্টিত হয়। সংসদের নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হচ্ছে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।