যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান অভিনন্দন জানালেও ব্যতিক্রম বিএনপি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তান বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। সেখানে বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। এই সেতু হওয়ায় সব বাংলাদেশি খুশি হলেও বিএনপি নেতারা খুশি হতে পারেননি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় পদ্মা সেতুর উদ্বোধনের খবরাখবর সবার কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য পদ্মা বহুমুখী সেতু নির্মাণ করেছেন। যাঁরা প্রশংসা করতে ব্যর্থ হয়েছেন, তাঁরাও এই সেতু ব্যবহার করবেন। তিনি বলেন, পদ্মা সেতু কখনোই হতো না, যদি শেখ হাসিনা না থাকতেন। কারণ, সব রক্তচক্ষু, ষড়যন্ত্র, প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সৎ সাহস শেখ হাসিনারই আছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘যারা একসময় পদ্মা সেতু নিয়ে সমালোচনা করেছিল, নিজস্ব অর্থায়নের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিল, তাদের অনেকেই আজ প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন এবং জাতির এই সক্ষমতায় তাঁরাও আনন্দিত হয়েছেন। যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন প্রত্যাহার করেছিল, সেই বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর উদ্বোধনী অনুষ্ঠানে শাড়ি পরে গিয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন।’
বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের অভিনন্দনবার্তা পাঠানোর কথা তুলে তথ্যমন্ত্রী বলেন, ‘তবে বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। পদ্মা সেতু হওয়াতে দেশ-বিদেশে থাকা বাঙালি ও বাংলাদেশিরা আনন্দিত হলেও বিএনপি নেতারা খুশি হতে পারেননি। অভিনন্দন জানাতে ব্যর্থ হয়ে তাঁরা স্বীকার করে নিয়েছেন যে পদ্মা সেতুর বিরুদ্ধে তাঁরা ষড়যন্ত্র করেছিলেন।’